সুজানগরে ৬ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

পাবনার সুজানগরের কুড়িপাড়া মোড়ে গত শুক্রবার রাতে র্যাব অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ছানু মোল্লা (৩২) নামে ১জনকে গ্রেফতার করেছে। সে উপজেলার মোজায়িতপুর গ্রামের আরশেদ আলী মোল্লার ছেলে। র্যাবের বরাত দিয়ে সুজানগর থানা পুলিশ জানায়, উক্ত ছানু বেশ কিছুদিন ধরে সুজানগরসহ আশ-পাশের উপজেলায় চোরাই মোটরসাইকেল কেনা-বেচা করছিল। ওই দিন সে একই উদ্দেশ্যে ৬টি মোটরসাইকেল কুড়িপাড়া মোড়ের একটি দোকানে রাখে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছানুকে ওই মোটরসাইকেলসহ গ্রেফতার করে সুজানগর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে ছানুসহ শহীদুল নামে অপর একজনকে আসামি করে সুজানগর থানায় মামলা করেছে।