গাজী-কালুর জারিগান এখনো টিকে আছে গ্রাম্য সংস্কৃতিতে

গ্রাম্য সংস্কৃতির অন্যতম বাহক প্রখ্যাত সাধক গাজী-কালুর জীবনী বিষয়ক জারিগানের কদর গ্রামাঞ্চলে এখনো কমেনি। যুগের সাথে পাল্লা দিয়ে সংস্কৃতির পট পরিবর্তনে শহরাঞ্চল থেকে এই জারিগান হারিয়ে গেলেও এখনো গ্রামাঞ্চলের মানুষের কাছে এর প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। সাধারণত মানত বা কোন উপলক্ষকে কেন্দ্র করে এই গাজী-কালুর জারিগানের আয়োজন করা হয়। তবে আয়োজন এখন ক্রমান্বয়ে কমে যাচ্ছে। সম্প্রতি মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার ডাসার গ্রামের মাতুব্বর বাড়িতে আলাউদ্দিন মাতুব্বরের উদ্যোগে গাজী-কালুর জারিগানের আসর বসানো হয়। জারিগান ও অভিনয়ের মাধ্যমে রাতভর শিল্পীরা সাধক গাজী ও কালুর জীবনী উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত হাজারো মানুষ উপস্থিত ছিলেন। শিশু ও নারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে স্বতস্ফূর্তভাবে জারিগান দেখতে আসেন। উপস্থিত কয়েকজন জানান, আধুনিক বিনোদনের ভিড়ের মাঝে এখনও মানুষের মনের মধ্যে লুকিয়ে আছে পুরানো দিনের সংস্কৃতি, তারই প্রমাণ মিলল এই জারিগানের আসরে।