চালে রং মিশিয়ে বিক্রি দোকানিকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে চালে রং মাখিয়ে বিক্রির অভিযোগে দোকানিকে অর্থদণ্ড দিয়েছে। বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন। সাদা চালে রং মিশিয়ে লাল চাল বলে বিক্রির অভিযোগে ঝিটকা বাজারের মেসার্স জাকির রাইস এজেন্সিকে ৩ হাজার ও মেসার্স নিরঞ্জন রাইস ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নকল কসমেটিক্স বিক্রির দায়ে মেসার্স সুজন জরি হাউসকে ৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, যৌন উত্তেজক, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে মেসার্স অমিত ফার্মেসিকে ৩০ হাজার ও মেসার্স মাতৃভূমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন র্যাব- ৪, নবীনগর ক্যাম্পের একটি টিমের সদস্য, হরিরামপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং জেলা ক্যাবের সদস্য মতিউর রহমান।

অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রির দায়ে জরিমানা

নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে কাপড় ও বস্ত্র বিক্রির দায়ে মানিকগঞ্জ জেলা শহরে দুটি কাপড়ের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকান দুটি হল-চাঁদের হাট এবং নকশী। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে চাঁদের হাটকে ৫০ হাজার এবং নকশীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালীগঞ্জে ৩ প্রতিষ্ঠান বন্ধ

কালীগঞ্জ (সংবাদদাতা) সংবাদদাতা জানান, গাজীপুরের কালীগঞ্জে বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলা নাগরী ইউনিয়নের কেটুন এলাকায় টায়ার পুড়িয়ে অবৈধভাবে ফুয়েল (তেল), কালি উত্পাদন করা এক্সটিম পাইরোলাইসিস ফুয়েল এন্ড প্রাইভেট লিমিটেড ও গ্যালান্ট এনার্জি লিমিটেড নামের ২টি কারখানা এবং এম এস এম নামের একটি ইটভাটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম।