ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে গণতন্ত্র শক্তিশালী হবে
------------------- সাদেক সিদ্দিকী
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:০৬
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সাদেক সিদ্দিকী গতকাল বুধবার উপজেলার বহেড়াতৈল, আমবাগ, গোহাইলবাড়ী, কচুয়া, কালিদাস, হতেয়া, বংকী, কীর্ত্তনখোলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। এসব পথসভায় তিনি বলেন, আমরা স্বাধীন নির্বাচন কমিশনের পক্ষে। ভোটাধিকারের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে গণতন্ত্র শক্তিশালী হবে।
জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী গতকাল বিকালে সখীপুর পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী অফিসে ইত্তেফাককে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, সরকারের সুবিধাভোগী কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না- এমন নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ কারণে তিনি ভোট জালিয়াতির আশংকা করছেন বলে জানান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে তিনি ইসিতে চিঠি দিয়েছেন বলে জানান।
সাদেক সিদ্দিকী বলেন, গোলযোগ-নাশকতা কোনক্রমেই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে না। গোটা দেশের দৃষ্টি এখন টাঙ্গাইল উপ-নির্বাচনের দিকে। এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বাইসাইকেল প্রতীকে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।