ফরিদাবাদ-গেণ্ডারিয়াতে
পানি ও বিদ্যুত্
সমস্যা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:১০
পুরনো ঢাকার ফরিদাবাদ ও গেণ্ডারিয়া এলাকায় পানির অপ্রতুলতা ও ঘন ঘন বিদ্যুত্ বিভ্রাট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। তারপর মশার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আগে এলাকায় পানি ও বিদ্যুতের এতো সংকট ছিল না। কিন্তু তা বর্তমানে নিয়মিত ব্যাপার হয়ে পড়েছে। কিন্তু সমস্যা নিরসনে ডিপিডিসি এবং ওয়াসা উদাসীন। যে সমস্ত বাসায় নিজস্ব পাম্প মেশিন আছে সেগুলো ছাড়া অন্য কোনো লাইনে পানি পাওয়া যায় না। আগে রাস্তার কলে পানি পেলেও এখন আর রাস্তায় ওয়াসার কল সচল নেই। তবে গভীর রাতে পানি পাওয়া গেলে তা ধারণ করা আরো কষ্টকর। সারারাত পানির জন্য না ঘুমিয়ে থাকতে হয়। তারপর বিদ্যুত্ বিভ্রাটের সঙ্গে সঙ্গে পানিও চলে যায়। ওয়াসার পাম্পে জেনারেটর লাগানো থাকলে পানি পাওয়া সহজ। এসব সমস্যা থেকে ফরিদাবাদ ও গেণ্ডারিয়া এলাকার মানুষ পরিত্রাণ পেতে চায়। পরিশেষে জরুরিভিত্তিতে পুরনো ঢাকার বিদ্যুত্ ও পানির সমস্যা নিরসনে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুব উদ্দিন চৌধুরী,
ফরিদাবাদ-গেণ্ডারিয়া
ঢাকা-১২০৪