নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পাঁচ পুলিশ নিহত
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:১৫
নাইজেরিয়ায় সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগারিতে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে পুলিশের সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, জঙ্গিরা একটি ভক্সওয়াগনে বিস্ফোরক বোঝাই করে দাঁড় করিয়ে রাখা পুলিশের একটি টহলগাড়ির ওপর গিয়ে ধাক্কা দেয়। আর এর পরিপ্রেক্ষিতে বিস্ফোরণটি ঘটে। নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘটনার প্রত্যক্ষদর্শী ৬৬ বছর বয়সী আলিয়ু সুরাজো বলেন, প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। আর এরপরই কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। তিনি আরো জানান, ঘটনার পর পুড়ে যাওয়া পাঁচ পুলিশের লাশ গাড়ির সামনে তিনি দেখতে পান। আর বিস্ফোরক বোঝাই গাড়িতে দুটি লাশ ছিল। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে কোন গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি।
তবে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা অনেক সময় আত্মঘাতী হামলাও চালিয়ে থাকে।