নতুন মাত্রার সম্পর্ক গড়তে ওবামার প্রতি জিনপিংয়ের আহ্বান

নেদারল্যান্ডসের হেগে পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে দেখা করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরালো করতে ইচ্ছুক তার দেশ। এসময় তারা পারমাণবিক নিরাপত্তা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াতে এবং দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরালো করার বিষয়ে কথা বলেন। দুই দেশের প্রধানের মধ্যে এটাই এ বছরের প্রথম বৈঠক। এসময় তারা মেধা সম্পত্তি সুরক্ষা, মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রার বিনিময় হার, আন্তর্জাতিক নিরাপত্তা এবং ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে কথা বলেন। চীন মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তির কথা স্মরণ করিয়ে দিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আরো গভীর সম্পর্ক স্থাপনে চীন দৃঢ় প্রতিজ্ঞ। দুই দেশের মধ্যে টেকসহ ও শক্তিশালী সম্পর্ক নিশ্চিত করতে নতুন মাত্রার সম্পর্ক ‘প্রধান দেশের বন্ধন’ গড়ার আহবান জানান চীনা প্রেসিডেন্ট। বৈঠক শেষে জিনপিং জানান, আমাদের প্রস্তাবের ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্টের প্রস্তাবের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের সাথে যুক্তরাষ্ট্রের গত ৩৫ বছরের সম্পর্ক বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চীনা প্রেসিডেন্টের সাথে বেশ কিছু বিষয়ে আরো যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নতুন মাত্রার সম্পর্ক ‘প্রধান দেশের বন্ধন’ স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন ওবামা।