চট্টগ্রামে অবৈধ স্থাপনা নির্মাণ থামছেই না
সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২৩:২০
সরকারি জনসেবামূলক প্রতিষ্ঠানসমূহের খামখেয়ালী ও অবহেলার কারণে নগরীতে নক্শা বহির্ভূত স্থাপনা নির্মাণের প্রবণতা রোধ করা যাচ্ছে না। একইভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঠিক তদারকি না থাকায় এবং ক্ষেত্রবিশেষে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে কিংবা জ্ঞাতসারে নগরীতে অবৈধ স্থাপনা নির্মাণ দিন দিন বেড়েই চলেছে। তবে সিডিএ’র চেয়ারম্যান আবদুচ ছালামের মতে প্রয়োজনীয় লোকবলের অভাবে নকশাবিহীন ও নকশা বহির্ভূত ভবন বা স্থাপনা নির্মাণকারীদের ব্যাপারে পদক্ষেপ নেয়া যাচ্ছে না।
চট্টগ্রাম মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুযায়ী কোন স্থানে ভবন নির্মাণের জন্য নক্শা প্রদান থেকে শুরু করে ভবন নির্মাণ কাজ সম্পন্ন পর্যায়ে সঠিকভাবে কাজ করা হচ্ছে কিনা সে বিষয়ে ভবনের নকশা প্রণয়নকারী, সিভিল ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায়, নকশা অনুমোদন হওয়ার পর সিডিএ’র তদারকি প্রায় থাকে না। এমনকি ওই এলাকায় ভবন নির্মাণের জন্য যে নকশা অনুমোদন দেয়া হয়েছে সে অনুযায়ী স্থাপনা নির্মিত হচ্ছে কিনা সংশ্লিষ্ট এলাকার পরিদর্শক তা নজরে আনে না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, কোন পক্ষ থেকে অভিযোগ আসলে এবং শক্ত প্রতিপক্ষ থাকলে নামকাওস্তে নোটিস প্রদান করা পর্যন্তই শেষ। কোন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় না। অনেক সময় সংশ্লিষ্ট এলাকার অসাধু কর্মকর্তা-কর্মচারীর পোয়াবার হয়।
নির্দিষ্ট ভবন ও স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সঠিকভাবে নকশাগুলো করা হচ্ছে কিনা তা যেমন সিডিএ দেখছে না, তেমনি ওই সকল ভবনে সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলো বিদ্যুত্, গ্যাস ও ওয়াসা পানির সংযোগ দেয়ার ক্ষেত্রেও অধিকাংশ সময় তা পরখ করে দেখছে না। ফলে অবৈধ স্থাপনা নির্মাণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তার অবৈধ কর্মকান্ড চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতায় পড়ছে না।
সিডিএ’র অথরাইজড অফিসার-১ প্রকৌশলী মঞ্জুর আলম জানান, বেশ কিছু অবৈধ স্থাপনার বিদ্যুত্, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সিডিএ’র পক্ষ থেকে পত্র দেয়া হয়েছে। শুধু সরকারি এই তিনটি প্রতিষ্ঠান ছাড়াও একমাত্র হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ছাড়া অধিকাংশ অর্থ সহায়তাকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সিডিএ থেকে নেয়া নকশা অনুযায়ী স্থাপনা নির্মাণ হচ্ছে কিনা তা খতিয়ে না দেখে অর্থ বিনিয়োগ করে থাকে।
তাদের সিডিএ’র চেয়ারম্যান আবদুচ ছালাম ইত্তেফাককে জানান, সেবামূলক প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থাসমূহ তাদের ভবন নির্মাণের ক্ষেত্রে নকশা সঠিকভাবে অনুমোদন নিয়েছে কিনা তা দেখলে অবৈধ স্থাপনা নির্মাণে সাধারণ লোকজন ভয় পাবে। ফলে অন্যরাও নিরুত্সাহিত হবে।