নিখোঁজ বিমানের আরো ১২২ ‘বস্তুর’ চিত্রের সন্ধান
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২৩:২১
দক্ষিণ ভারতীয় মহাসাগরে আরো ১২২ ধ্বংসাবশেষ স্যাটেলাইটে সনাক্ত করা গেছে। মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সাথে এসব ধ্বংসাবশেষের কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী হিশামউদ্দিন বলেছেন, ‘২৩ মার্চ উপগ্রহে চিত্রে ধরা পড়া ধ্বংসাবশেষ চিহ্নগুলো দৈর্ঘ্যে ৭৫ ফুট হতে পারে।’ খবর টাইমস অব ইন্ডিয়ার।
হিশামউদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চিহ্নিত ধ্বংসাবশেষগুলো অনুসন্ধান কাজে সহায়তা করবে। তবে এগুলো নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটটির ধ্বংসাবশেষ কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ ফ্রান্স ভিত্তিক এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস নতুন এ ধ্বংসাবশেষগুলোর সন্ধান পেয়েছে। দক্ষিণ ভারত মহাসাগরের ৪০০ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ধ্বংসাবশেষগুলোর অবস্থান। ২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি বিধ্বস্তের খবর জানানোর দুই দিন পরেই এ তথ্য জানালেন হিশামউদ্দিন। গত ৮ মার্চ দিনগত রাতে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ছাড়ে বিমানটি। কিন্তু উড্ডয়নে ঘণ্টা খানেকের মধ্যে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ১৪ দেশের নাগরিকবাহী এই উড়োজাহাজটি।