লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল না

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের কোন অংশগ্রহণ ছিলো না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল বুধবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের যেমন অংশ ছিলো না, তেমনি তাদের (মুক্তিযোদ্ধা) স্বার্থ সংরক্ষণ করা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়েরও কোন সম্পৃক্ততা ছিলো না। অনুষ্ঠানে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে তিনি বলেন, এটা সরকারের সম্পূর্ণ নিজস্ব অনুষ্ঠান। কোন রাজনৈতিক অনুষ্ঠান নয়। স্বাধীনতার ৪৩ বছর পরও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করা এখন বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু এখন গণতন্ত্র নেই। ক্ষমতার লোভে প্রার্থী ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ধ্বংস করে ফেলা হয়েছে। তিনি বলেন, সরকার সড়কপথে টোল আদায় করার সিদ্ধান্ত নিয়ে জনগণকে আরেকটি দুর্ভোগের সামনে ফেলতে চাইছে।