ইউক্রেনের যুদ্ধজাহাজ দখল করল রুশ সেনাবাহিনী

ইউক্রেন বলছে, রাশিয়ার সৈন্যরা ক্রিমিয়াতে ইউক্রেনের সর্বশেষ যুদ্ধজাহাজটি দখল করে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ইউক্রেনের ব্যাপারে কোন পদক্ষেপ নিলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন তখন এ ঘটনা ঘটলো। ক্রিমিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর একজন আঞ্চলিক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সৈন্যরা মঙ্গলবার ক্রিমিয়ায় ইউক্রেনের নৌবাহিনীর এই জাহাজ দখল করে। চেরকাসি নামে জাহাজটি সেভাস্তোপোলে নোঙ্গর করেছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সেলেজনিয়ভ এক বিবৃতিতে বলেন, জাহাজটি দখল করার পর রাশিয়ার কয়েকটি জাহাজ এটিকে ঘিরে রেখেছে। ক্রিমিয়াতে ইউক্রেনের সর্বশেষ জাহাজ দখলের ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো রাশিয়ার ব্যাপারে আরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের ব্যাপারে আর কোন পদক্ষেপ নিলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো সব রকমের পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে, যা রাশিয়ার অর্থনীতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে।