মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ও মেয়ের আত্মহত্যা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২৩:২৫
শ্রীনগরে তিন ঘণ্টার ব্যবধানে বিষপান করে আত্মহত্যা করেছে মা ও মেয়ে। গতকাল বুধবার ঢাকার মিডফোর্ট হাসপাতালে মা মনিমালা (৪০) ও মেয়ে শান্তা (১৮) চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
গতকাল সকালে শ্রীনগর উপজেলার পানিয়া গ্রামে মায়ের সঙ্গে শান্তার ঝগড়া হয়।ঝগড়ার এক পর্যায়ে মনিমালা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে দ্রুত ঢাকা মিটফোর্ড হাসপাতালে আনা হয়। সেখানে চিকিত্সারত অবস্থায় তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর সংবাদ শুনে শান্তা বিষ পান করে। দুপুর একটার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, পানিয়া গ্রামের আলামিন তার চাচাতো ভাই জহির উদ্দিনের মেয়ে শান্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত সোমবার আলামিন বিষয়টি অস্বীকার করে এবং তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এই ঘটনা নিয়ে মা-মেয়ের বাগবিতণ্ডা হয়। শ্রীনগর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।