কেজরিওয়ালের চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২৩:২৬
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। নরেন্দ্র মোদীর আসনে তার বিরুদ্ধে কেজরিওয়াল লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন। মোদী মনে করছেন, কেজরিওয়ালকে হারাতে তার মোটেও বেগ পেতে হবে না।
একই সাথে মোদী গতকাল কেজরিওয়ালকে কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি সরাসরি কেজরিওয়ালকে নানা কথার মাধ্যমে কটাক্ষ করেন। এতদিন পরোক্ষভাবে আম আদমি পার্টির নেতাকে নিশানা করছিলেন মোদী। কিন্তু কেজরিওয়াল বারাণসী কেন্দ্রে মোদীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ায় আর কোনও রাখঢাক করলেন না। এবার তিনি আম আদমি নেতাকে পাকিস্তানের এজেন্ট বলে আক্রমণ করলে। একইসঙ্গে কেজরিওয়ালকে ‘একে ৪৯’ বলেও বিদ্রুপ করলেন। গতকাল জম্মুর এক জনসভায় মোদী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালের ৪৯ দিনের কার্যকালের প্রসঙ্গ উল্লেখ করে একহাত নিলেন তাকে। মোদী গতকাল লোকসভা নির্বাচনের আগে তার দেশব্যাপী দ্বিতীয় দফার প্রচার শুরু করেন জম্মু থেকে। মোদী বলেন, পাকিস্তানের কাছে তিন ‘একে’ খুবই পছন্দের। একে ৪৭ (বন্দুক), একে অ্যান্টনি (ভারতের প্রতিরক্ষামন্ত্রী) এবং একে ৪৯ (অরবিন্দ কেজরিওয়াল)।