ব্রিটিশ প্রতিমন্ত্রী ডানকান ৩১ মার্চ আসছেন
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২৩:২৬
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এ্যালান ডানকান তিনদিনের সফরে ৩১ মার্চ ঢাকা আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাত্ করবেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গেও তিনি সাক্ষাত্ করবেন। রানা প্লাজা ট্র্যাজেডির এক বছর পূরণের আগে এই ব্রিটিশ প্রতিমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ বলে একটি কূটনৈতিক সূত্র জানায়। তিনি সাভারে পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) রানা প্লাজা ধসে আহতদের দেখতে যাবেন। এই এক বছরে গার্মেন্টস সেক্টরের নিরাপত্তা ও শ্রম অধিকার বিষয়ে কি অগ্রগতি হয়েছে সেগুলো অবহিত হবেন তিনি। উল্লেখ্য, গত বছর রানা প্লাজা ভবন ধসের পর জুন মাসে তিনি ঢাকা সফরে আসেন।