রাজশাহী সীমান্তে নিখোঁজ বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

জেলা সীমান্তে নিখোঁজের প্রায় ছয় মাস পর এক বাংলাদেশি জেলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গত বুধবার সকালে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে লাশ হস্তান্তর করা হয়। রাজশাহীস্থ বিজিবি’র ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গত বছরের ৮ অক্টোবর গোদাগাড়ী উপজেলার দিয়ারমানিকচর গ্রামের রাসেল খান (১৯) পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। বিএসএফ ভারতীয় সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করেছে এমন খবরের ভিত্তিতে পরদিন বিজিবি-বিএসএফের অনুষ্ঠিত পতাকা বৈঠকে লাশটির পরিচয় সনাক্ত করা হয়। এরপর রাসেলের লাশ ফেরত চেয়ে বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও লাশটি বিএসএফ ফেরত দেয়নি। গতকাল বুধবার উভয় দেশের পুলিশের উপস্থিতিতে রাসেলের মৃতদেহ ফেরত দেয় বিএসএফ।