বাংলাদেশে হাইটেক শিল্প স্থাপনে নেদারল্যাণ্ডসের প্রতি আহ্বান

দেশে সরাসরি ডাচ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানালেন শিল্পমন্ত্রী। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে বিশেষ করে জাহাজ নির্মাণ, অটোমোবাইল, হালকা প্রকৌশল, প্লাস্টিক শিল্প এবং চামড়া ও পাটশিল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে। এ ধরনের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে হাইটেক শিল্প স্থাপনের আহ্বান জানান তিনি। গত মঙ্গলবার গুলশান ক্লাবে ডাচ-বাংলা চেম্বার আয়োজিত ‘বাংলাদেশ: রোড টু রিকভারি’ ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডাচ-বাংলা চেম্বার প্রেসিডেন্ট শাহজাদা হামিদ। মূল নিবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক মামুন রশিদ। এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য ডাচ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। ডাচ-বাংলা চেম্বার প্রেসিডেন্ট শাহজাদা হামিদ বলেন, সুষ্ঠু বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রধান পূর্বশর্ত। পূর্বে বাংলাদেশে খাদ্য ও পানি ব্যবস্থাপনায় ডাচ সহায়তা থাকলেও বর্তমানে তৈরি পোশাকসহ প্রায় ৭০টি খাতে ডাচ ব্যবসায়ীরা বিনিয়োগে এগিয়ে এসেছেন। দেশের বিনিয়োগ পরিবেশের উন্নতিসহ ট্যানারি শিল্পকে দ্রুত রাজধানীর বাইরে স্থানান্তরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।