সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে পেটালো যুবলীগ ক্যাডার

সাতক্ষীরায় একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে পিটিয়ে জখম করেছে শ্যামনগরের এক যুবলীগ ক্যাডার। মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলা সেটেলমেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা বরকত আলীর উপর হামলাকারী ঐ যুবলীগ ক্যাডার হচ্ছে উপজেলার নকিপুর মাজাট গ্রামের আনছার আলীর পুত্র আবু তাহের। বরকত আলী জানান, কৈখালী ইউনিয়নের জাহাঙ্গীর নামে তার এক আত্মীয়ের কাছ থেকে সেটেলমেন্ট অফিসে জমি সংক্রান্ত কাজ করে দেয়ার কথা বলে যুবলীগ ক্যাডার আবু তাহের কয়েক দিন আগে ২ হাজার টাকা নেয়। কাজ করে না দিয়ে জাহাঙ্গীরের কাছে গতকাল তাহের আরও ২ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় তিনি প্রতিবাদ করায় ঐ যুবলীগ ক্যাডার প্রকাশ্যে তাকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিত্সার ব্যবস্থা করেন। এ নিয়ে শ্যামনগরে মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।