স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২৩:২৯
দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত ২৪ ঘন্টায় এই হামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ছাত্রদল কর্মী নিহত ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৫ স্কুল ছাত্রীর মুখমণ্ডল ঝলসে গেছে। এছাড়া স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেয়াকে কেন্দ্র করে বিচ্ছিন্ন সংঘর্ষে সিলেট ও সাতক্ষীরায় পুলিশসহ কমপক্ষে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শিবগঞ্জ সংবাদদাতা জানান, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার সময় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা তিনজন গুরুতর আহত হন। এদের মধ্যে স্থানীয় ছাত্রদল কর্মী সুজন রাত তিনটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নিহত সুজন শিবগঞ্জ পৌরসভার চতুরপুর জগন্নাথপুর গ্রামের আশরাফুল আলম বাবুর ছেলে। নূরুল ইসলাম ও তৌফিক নামে আহত দুজনকে শিবগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা দেয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিত্সক ডা. রবিউল আলম।
এদিকে এ ঘটনার পর রাতেই শিবগঞ্জ বাজারে আওয়ামী লীগ অফিস ভাংচুর করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময়ও বেশ কিছু ককটেল বিস্ফোরিত হয়। শহীদ মিনারে বিস্ফোরণের ঘটনায় পরস্পরকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি।
এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, শহীদ মিনারের যে দিকটায় বিএনপির কর্মী-সমর্থকরা দাঁড়িয়ে ছিলেন সেখানে বোমার বিস্ফোরণ হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
কুড়িগ্রাম প্রতিনিধি ও ফুলবাড়ী সংবাদদাতা জানান, ফুলবাড়ী জসিমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে ২শ শিক্ষার্থী মিলে মানব পতাকা প্রদর্শন (ডিসপ্লে) করার সময় আকস্মিকভাবে কতিপয় দুর্বৃত্ত শক্তিশালী পটকা ছুঁড়ে মারে। বিকট শব্দে পটকাটি বিস্ফোরিত হয়। এতে মারাত্মকভাবে আহত হয় বিদ্যালয়ের নবম শ্রেণির ৫ শিক্ষার্থী। এরা হলো আয়শা খাতুন, জোহরা বেগম, লাকী আক্তার, নিশা বেগম ও রেশমা আক্তার। তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে তাদের মুখমণ্ডল ঝলসে কালো হয়ে গেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বিস্ফোরিত পটকার উচ্ছিষ্ট অংশে ভারতীয় কোম্পানির নাম লেখা রয়েছে এবং তা খুবই শক্তিশালী।
শিবির-পুলিশ সংঘর্ষ:সিলেট অফিস জানায়, বুধবার নগরীতে শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমতুল্লাহ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল পৌনে ৭টার দিকে নগরীর লামাবাজার এলাকায় ছাত্রশিবির মিছিল বের করে। মিছিলটি মদনমোহন কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ৩০ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে।
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ:সাতক্ষীরা প্রতিনিধি জানান, স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয় নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মাহামুদুজ্জামান নিলুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।