উপজেলা নির্বাচন

মুক্তাগাছায় স্থগিত তিন কেন্দ্রে আজ ভোট

আজ বৃহস্পতিবার নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া তিন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।স্থানীয় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গোলযোগের কারণে মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের কমলাপুর শহিদ মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, তারাটী ইউনিয়নের তেরিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খেরুয়াজানি ইউনিয়নের বন্দগোয়ালিয়া কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, মোট একশটি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৯৭ কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলে তিনটি পদেই বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আজ ওই তিন কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সূত্র আরও জানিয়েছে, তিন কেন্দ্রে তিনজন ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, র্যাবের দু’টি টিমসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক কেন্দ্রে ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।