ব্রিটেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার জিতেছেন একজন আরব লেখিকা। এ বছরের ম্যানবুকার পুরস্কার জয়ী এই ওমানি লেখিকার নাম জোখা আলহারথি। যে উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন সেটির নাম ‘সেলেস্টিয়াল বডিস।’ ওমানে সামাজিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছে এমন তিন বোন এবং তাদের পরিবারকে নিয়েই তৈরি হয়েছে উপন্যাসের কাহিনী। এই প্রথম আরবের কোনো লেখিকা এই পুরস্কার অর্জন করলেন। বিচারকরা লেখিকার ঐশ্বর্যময় কল্পনাশক্তি, লেখার চিত্তাকর্ষক শৈলি এবং কাব্যিক অন্তদৃষ্টির প্রশংসা করেন। জোখা আলহারথি এবং তার বইয়ের মার্কিন অনুবাদক মারিলিন বুথের মধ্যে ৫০ হাজার পাউন্ডের পুরস্কারের অর্থ ভাগাভাগি হবে। জোখা আলহারথি সাংবাদিকদের বলেন, তিনি রোমাঞ্চিত বোধ করছেন এই ভেবে যে সমৃদ্ধ আরব সংস্কৃতির জন্য একটি জানালা খুলে গেল। -বিবিসি