প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য
ন্যাটোর প্রতি ওবামার আহ্বান
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২০:৪৮
প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য ন্যাটোভুক্ত ইউরোপীয় সদস্যগুলোর কাছে আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ইউরোপের বিভিন্ন দেশে যেভাবে এই খাতে ব্যয় কমানো হচ্ছে তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার ব্রাসেলসে সফরকালে তিনি ন্যাটো সদস্যদেশগুলোর উদ্দেশে বলেন, প্রত্যেক সদস্য দেশকেই তাদের সীমান্ত, সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে হবে। ইউক্রেন সংকট নিয়ে ইউরোপের তিন দেশে সফরের অংশ হিসাবে প্রেসিডেন্ট ওবামা ওইদিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ন্যাটোর প্রত্যেক সদস্য দেশকেই তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে কাজ করে যেতে হবে। তিনি বলেন, ন্যাটো দেশসমূহের প্রতিরক্ষা খাতে ব্যয় যেহারে হ্রাস পেয়েছে, তা আমাদের সকলের জন্যই উদ্বেগজনক। ইউক্রেনের পরিস্থিতি আমাদের জানান দিচ্ছে যে, আমাদের স্বাধীনতা এখন আর স্বাধীন নয়। আমাদের নিজস্ব ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখতে আমাদেরকেই সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, আমাদের একটা বিশ্বাসযোগ্য ন্যাটোবাহিনী গড়ে তুলতে এই বাহিনীকে অধিক প্রশিক্ষণ এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়ার প্রয়োজন রয়েছে। কেননা কার্যকর বাহিনী ছাড়া আমরা কখনোই আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারবো না। তিনি বলেন, বিষয়টি কেবল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। আমাদের সকলকেই এজন্য এগিয়ে আসতে হবে। ওবামা বলেন, যদি প্রয়োজন হয়, তাহলে ইউরোপ এবং আমেরিকাকে একসঙ্গে ইউক্রেন নিয়ে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ব্রাসেলসে সফরকালে ওবামা ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট হ্যারম্যান ভেন রমপুই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারাসোর সঙ্গেও সাক্ষাত্ করেন। এ সময় তাদের মধ্যে ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়। তিনজনের এই বৈঠকে ক্রিমিয়া সম্পর্কে রাশিয়ার উদ্যত আচরণ নিয়েও তাদের মধ্যে কথা হয়। ব্রাসেলসে বৈঠকের পর প্রেসিডেন্ট ওবামা ইটালির উদ্দেশে রওনা হন। সেখানে রোমে তার পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।