অর্ধশত শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’

চ্যানেল আই আয়োজন করেছিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ম বারের মতো ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। এ অনুষ্ঠানেই মুক্তিযুদ্ধের চেতনাকে তুলির রঙে রাঙিয়েছেন সৈয়দ শামসুল হক, হাশেম খানসহ অর্ধশত বরেণ্য ও নবীন চিত্রশিল্পীরা। সেইসঙ্গে আরও একবার জাগ্রত হলো মহান মুক্তিযুদ্ধের চেতনা। বিকেল ৩টা ৫ মিনিটে আফজাল হোসেনের উপস্থাপনায় রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়া, সৈয়দ শামসুল হক, হাশেম খান, ফজলে খোদা, আনোয়ারা সৈয়দ হক, কবি হাবিবুল্লাহ সিরাজীসহ দেশের অর্ধশত প্রবীণ ও নবীন চিত্রশিল্পীবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিগণ। এই প্রথম দেশের কোনো টিভি চ্যানেল ড্রোন ক্যামেরার সাহায্যে অনুষ্ঠানের কিছু কিছু অংশ সরাসরি সম্প্রচার করেছে। মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কনের পাশাপাশি মূল মঞ্চে দেশের গান পরিবেশন করেন সুরের ধারার শিল্পীরা। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ বিষয়ে চিত্রাঙ্কন করেছেন সমরজিত্ রায় চৌধুরী, শহীদ কবীর, জাহিদ মুস্তাফা, আবদুল মান্নান, সৈয়দ ইকবাল, রেজাউল করিম, শেখ আফজাল, নাসিম আহমেদ নদভী, শাহজাহান আহমেদ, রেজাউন নবী, সোহানা শাহরীন, আলপ্তগীন তুষার, ফারজানা আহমেদ উর্মি, সৈয়দ জাহিদ ইকবাল, অনুকুল চন্দ্র মজুমদার, শেখ জহুর, মো. জহির উদ্দিন, হামিদুজ্জামান খান, গোলাম রব্বানী শামীম, বিজয় সেন, শারমীন জামান, মোবাশ্বের আলম, কেরামত মাওলা, আব্দুস সাত্তার তৌহিদ, লায়লা আঞ্জুমান আরা প্রমুখ। কবিতা আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আফরোজা বানু প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।