ডিএসই’র লেনদেন তিনশ’ কোটি টাকার নিচে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার তিনশ’ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। এ নিয়ে চলতি মাসে ৫ দিন লেনদেন হলো তিনশ’ কোটি টাকার কম। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকালও সূচক কিছুটা বেড়েছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা অভাব কাটেনি। এজন্য লেনদেন হচ্ছে কম। লেনদেনে গতকাল প্রাধান্য ছিল ইঞ্জিনিয়ারিং ও ব্যাংকিং খাতের। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৭২ লাখ কোটি ৯৯ হাজার টাকা কম। লেনদেনকৃত ২৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের রহিম টেক্সটাইল ও খাদ্য ও আনুষঙ্গিক খাতের জিলবাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছেনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। অতিরিক্ত হারে দর বৃদ্ধির প্রেক্ষিতে ডিএসই’র দেয়া চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২০ এপ্রিল থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থ সংগ্রহ শেষ হবে ১৫ মে। ব্যাংকটি শেয়ারবাজারে ১ আর:২ অনুপাতে (দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) ২২ কোটি ১৬ লাখ ৫২ হাজার ২৮৮টি শেয়ার ছেড়ে ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।