পৃথক সড়ক দুর্ঘটনায়
নিহত ১১
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২১:৫১
বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সরাইলে নিহত ৩, আহত ১৩
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলা এলাকায় গত বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে ৩ যাত্রী নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, গাজীপুর কালীগঞ্জের জামালপুর গ্রামের মাহবুব (১৬) ও তরিকুল (৯) ও অমাতনামা একজন। আহতরা হলেন, রুবেল, ফয়সল, তানিয়া, তারা মিয়া, সাইফুল, তারেক, মোতাহার, আশিক, সুমন, জাকির, আলী মিয়া। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
রাজশাহীতে শিক্ষকের মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ী মেডিক্যাল মোড় মহাসড়কে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষক মাওলানা ইয়াসিন আলী (৫৫) গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি বাউদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। গত বুধবার তিনি আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
পত্নীতলায় নিহত এক
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-নওগাঁ সড়কের পুইয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চাপায় ভুলু মিয়া (৩২) নামে এক মোটর সাইকেল আরোহী মারা গেছেন। এ সময় মোটর সাইকেলের অপর আরোহী ভুলু মিয়ার বন্ধু মামুনুর রশিদ গুরুতর আহত হন। আহত মামুনুর রশিদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ভুলু পাশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগঙ্গাপাড়া গ্রামের মৃত কায়কোবাদের ছেলে ও আহত মামুনুর একই গ্রামের মহসিন আলীর ছেলে। পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
সুনামগঞ্জে নিহত ১ আহত ১৫
সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মাতু মিয়া (৪৫) নামে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাতু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়। সুনামগঞ্জ সদর থানার ওসি জানে আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল পাঠান।
কসবায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি চৌমুহনী এলাকায় গত বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় এক পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে আইয়ুব আলী (৫০) নামে এক পথচারী মারা যান।
দিনাজপুরে নিহত এক
দিনাজপুর শহরে ভটভটি স্ট্যান্ডের সামনে গত বুধবার সন্ধ্যায় ভটভটির চাকায় পিষ্ট হয়ে নূর আলম (১৪) নামে এক কিশোর মারা গেছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা হয়েছে।
ভাঙ্গায় ছাত্র নিহত
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুখুরিয়া-সদরপুর ফিডার সড়কের কালিবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসের চাপায় সাগর (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের সদরপুর ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল ছাত্রর নিহতের সংবাদে এলাকার লোকজন ও স্কুলের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করে। ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সাগর উপজেলার মানিকদাহ গ্রামের সাহেব আলীর পুত্র।
কালীগঞ্জে লরি উল্টে চালক নিহত
গাজীপুরের কালীগঞ্জে গত বুধবার রাতে মাটি ভর্তি লরি উল্টে মাটি চাপায় সাইফুল ইসলাম (১৫) নামে এক লরি চালকের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল একুতা গ্রামের মো. কালা চাঁন মিয়ার ছেলে।
ঝিনাইদহের মহিলার মৃত্যু
ঝিনাইদহ মহেশপুরে সামান্তা এলাকায় গত বুধবার দুপুরে নসিমনের ধাক্কায় আফরোজা বেগম (৫৫) নামে এক মহিলা মারা গেছেন। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, উপজেলার জিন্নানগর-সামান্তা সড়কে একটি স্যালো ইঞ্জিন চালিত নসিমন আফরোজা বেগমকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। মহেশপুর হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
দিনাজপুরে জমি নিয়ে বিরোধে
নিহত এক, আহত তিন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামে গত বুধবার দুপুরে বসতভিটার দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় বিউটি আরা (৩০) নামে এক গৃহবধূ নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, নিহতের স্বামী আব্দুর রাজ্জাক, আবুল হোসেন ও সেলিনা বেগম। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আবুল হোসেন জানান, তাদের বসতভিটার ৩ শতাংশ জমি নিয়ে প্রতিবেশি জালাল উদ্দিনের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোন সমাধান হয়নি। ঘটনার দিন জালাল উদ্দিন ও তার ছোট ভাই মাহাবুব আলমের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন ব্যক্তি দেশি অস্ত্রশস্ত্রসহ নিয়ে আকস্মিকভাবে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বিউটি আরার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে নিহত হন। পুলিশ জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ফুলবাড়ী থানায় হত্যা মামলা হয়েছে।