মধুখালীতে ইউপি চেয়ারম্যানের
বিরুদ্ধে মামলা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২১:৫২
ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ সতেজসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে গত বুধবার মধুখালী থানায় মামলা হয়েছে। উপজেলার বনমালিদিয়া গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ রাশিদুল আলম এ মামলা করেন। অভিযোগে জানা গেছে, গত ২৫ মার্চ সকালে নিজ বাড়িতে নির্মাণ কাজ করার সময় স্থানীয় চেয়ারম্যান ও বিএনপির উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ সতেজ, মাহাবুব আলম মোল্লা, মহিষাপুরের ওবায়দুরসহ ১০/১২ জনের একটি দল পিস্তল, চায়নিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণ কাজে বাধা ও বাউন্ডারী ওয়াল ভেঙ্গে দেয়। এ সময় তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। মধুখালী ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ সতেজ জানান, সৈয়দ রাশিদুল আলমের ভাই সৈয়দ লাভলু তাদের বাড়ির জমাজমি নিয়ে অভিযোগ দিলে তিনি তাদের কাজটি বন্ধ করে দেন। আমার বিরুদ্ধে অভিযোগটি সঠিক নয়। মধুখালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, রাশিদুল আলম খসরু বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।