বিভিন্ন স্থানে ছয়জন খুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইট ভাটায় শ্রমিক খুন ও যশোরের কেশবপুরে পল্লী চিকিত্সককে গুলি করে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ছয়জন খুন হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিরাজদিখানে ইট ভাটায় শ্রমিক খুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত বুধবার ইট ভাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মালিক-শ্রমিক সংঘর্ষে নুরুউদ্দিন (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নলছড়ি গ্রামের নোয়াব আলীর পুত্র । সেখানেই নুরুউদ্দিনের মৃত্যু হয়। কেশবপুরে গুলিতে চিকিত্সক খুন যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে গত বুধবার রাতে সুব্রত কুন্ডু নামে এক পল্লী চিকিত্সককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার শ্রীরামপুর গ্রামের কার্তিক কুন্ডুর ছেলে সুব্রত কুন্ডু মির্জানগর গ্রামের নতুন বাজারে তার ডাক্তারী চেম্বার বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা মির্জানগর রাস্তায় তার পিঠে গুলি করে ফেলে রেখে যায়। খবর পেয়ে ঐ রাতেই কেশবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। চৌহালীতে শত্রুতার জেরে একজন খুন সিরাজগঞ্জের চৌহালীর হাট ঘোরজানে গত বুধবার পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ আলী জিন্নাহ (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আকবার আলীর সাথে আব্দুস ছালামের সাথে পারিবারিক কলহের জেরে ছালাম বেপারীর লোকজন কেরামত আলী মীরের ছেলে আকবার আলীকে পিটিয়ে হত্যা করে। এরই প্রেক্ষিতে ফজলু তালুকদারের লোকজন বাড়ি থেকে মোহাম্মদ আলী জিন্নাহকে ডেকে নিয়ে নদীর পাড়ে কুপিয়ে পিটিয়ে হত্যা করে। মাঠ দখল নিয়ে নিহত এক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ফতেহপুর গ্রামে শিশু-কিশোরদের খেলার মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে মো. রাসেল মিয়া (২৬) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি ফতেহপুর গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে। পুলিশ জানায়, খেলার মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে রাসেল ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাসেল মারা যান। নাচোলে পিটিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জের নাচোলের হামেদপুর গ্রামে গত বুধবার রাতে তৈয়ব আলী (৪৮) নামে এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাওনাদাররা। মুরাদপুর বাসিন্দাপাড়ার আমির হামজার ছেলে রফিকুলসহ ৭/৮ জন পাওনা টাকার দাবিতে তৈয়ব আলীকে তুলে নিয়ে বাড়িতে খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর করে। প্রথমে নাচোল হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান। টঙ্গীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া মন্নুনগর এলাকায় গত বুধবার রাতে লিটু মন্ডল (৫০) নামে এক ঝুট ব্যবসায়ীকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যবসায়ীর স্ত্রীও আহত হন। আহত রাশেদা বেগমকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ছেলে রাশেদুল ইসলাম জানান, তার পিতা দীর্ঘদিন ধরে মিলগেট এলাকায় ঝুটের ব্যবসা করতেন। তার ধারণা ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তার পিতাকে হত্যা করা হয়েছে। টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রীর ভাই মো. মোতালেব বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন।