কালীগঞ্জে জমে উঠেছে প্রচারণা
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২১:৫৩
৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাজীপরের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৯৬৯ জন ও মহিলা ভোটার ৯২ হাজার ৩৭৭ জন। ৯০টি কেন্দ্রে ৪৬০ টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করা হবে। এ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। উপজেলার সকল ভোটারদের মন জয় করতে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছেন সকল প্রার্থীরা। প্রার্থীরা উপস্থিত হতে ভুলছেন না বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। কোন ক্লান্তি যেন তাদের ছুঁতে পারছে না। দলের ইমেজ ধরে রাখতে উঠে পড়ে লেগেছে নিজ নিজ দলের নেতা-কর্মীরা। উদ্দেশ্য আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশ (দোয়াত-কলম), বিএনপির প্রার্থী ফজলুল হক বাগমার নয়ন (আনারস), সম্মিলিত নাগরিক ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রদল সভাপতি মো. মনির হোসেন (মোটর সাইকেল), জাকের পার্টির জুয়েল কবির (কাপ-পিরিচ) ও স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন স্বপন (তালা), বিএনপির ১৯ দলে অন্যতম শরীক জামায়াতের মো. খাইরুল হাসান (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শর্মিলী দাস মিলি (কলস), বিএনপির মনিরা বেগম (ফুটবল) ও জাকের পার্টির মাকসুদা বেগম (হাঁস) নিয়ে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন।