ঘাটাইলে লড়াই
হবে ত্রিমুখী
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২১:৫৪
আগামী ৩১ মার্চ ৫ম দফা উপজেলা পরিষদ নির্বাচনে ঘাটাইল উপজেলায় প্রচার-প্রচারণা এখন তুঙ্গে।কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন সকল প্রার্থীরা। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের গ্রাম, পাড়া-মহল্লা পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি অলিগলি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নেতা-কর্মীদের নিয়ে কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড বা ইউনিয়নে গণসংযোগ,পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে চলছে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা। এদিকে পুরুষদের পাশাপাশি বিভিন্ন প্রার্থীর পক্ষে মহিলারা পান পাতা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। উপজেলার সর্বত্রই নির্বাচনী উত্সব বিরাজ করলেও ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটারদের মধ্যে শংকা বিরাজ করছে। তৃতীয় ও চতুর্থ দফা নির্বাচনে ব্যাপক সহিংসতা , ভোট কারচুপি এবং কেন্দ্র দখল , জাল ও প্রাণহানির ঘটনায় ভোটারদের মধ্যে শংকা দেখা দিয়েছে।
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন ,ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত আখম রেজাউল করিম (দোয়াত কলম), আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম খান (ঘোড়া), বিএনপির মনোনয়ন বঞ্চিত আব্দুর রশিদ মিয়া (মোটর সাইকেল), জাতীয় পার্টির আব্দুল হালিম(আনারস) ও ইসলামী আন্দোলনের আনছার আলী (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।