ঠাকুরগাঁও সদরে বড় দু’দলের মর্যাদার লড়াই

আগামী ৩১ মার্চ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে সমগ্র ঠাকুরগাঁও সদর উপজেলা। উপজেলার সকল গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারসমূহে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। এই উপজেলায় চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২ জন। এরা হলেন: সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনারস প্রতীকে অরুনাংশু দত্ত টিটো, বিএনপি সমর্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোড়া প্রতীকের তৈমুর রহমান। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে লড়ছেন আওয়ামী লীগের আশরাফুল হক চৌধুরী (টিউবঅয়েল), ১৯ দলীয় সমর্থিত আলমগীর হোসেন (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত পারুল আক্তার (ফুটবল), বিএনপি সমর্থিত ফরাতুন নেসা প্যারিস(হাঁস) ও ওয়ার্কার্স পার্টির সমর্থিত শিল্পী বেগম (কলস)। ৩১ মার্চ ৪র্থ দফা অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিরাজ করছে উত্সবমুখর পরিবেশ। যেসব ভোটার জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে পারেননি এবার ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দেবেন এমন আশায় ভোটাররা দিন গুনছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের এটা মর্যাদার লড়াই।