নির্বাচনের টুকরো খবর

বরিশাল বিভাগের ৭ উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ বরিশাল অফিস \ বিভাগের ৭ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার গাউস মিয়া। শপথ নেয়া উপজেলা চেয়ারম্যানরা হচ্ছেন- বাকেরগঞ্জের শামসুল আলম, গৗরনদীর শাহ আলম, পিরোজপুরের কাউখালী উপজেলার এসএম আহসান কবির, নাজিরপুর উপজেলার নজরুল ইসলাম খান, ভোলার চরফ্যাশন উপজেলার জয়নাল আবেদিন, লালমোহন উপজেলার গিয়াসউদ্দিন আহমেদ, বোরহানউদ্দিনের মহত্তেজান চৌধুরী। সংশ্লিষ্ট উপজেলার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ এসময় উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের মুখোমুখি প্রার্থীরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়ক সংস্থা সচেতন নাগরিক কমিটি (সনাক), সুশাসনের জন্য নাগরিক (সুজন), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ব্রাহ্মণবাড়িয়া’র যৌথ উদ্যোগে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সনাক সভাপতি এড. মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক সদস্য কবি জয়দুল হোসেন, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো:আশরাফ হোসেন। চেয়ারম্যান পদপ্রার্থী এবং ভোটারদের শপথ বাক্য পাঠ করান সুশাসনের জন্য নাগরিক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি প্রফেসর মো:মোখলেছুর রহমান খান। সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য ও দুপ্রকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু এবং সুজনের সাধারণ সম্পাদক এ.কে.এম.শিবলী। হীরু, নূরে আলম ছিদ্দিকী, মো. ফিরোজ খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর বক্তৃতা করেন এবং দুর্নীতিমুক্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। গোপালপুরে জনগণের মুখোমুখি প্রার্থীরা গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ সুজন-সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান গত মঙ্গলবার স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠ শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার ও কেন্দ্রীয় সদস্য সৈয়দ নাসির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সুজনের সম্পাদক অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য। প্রার্থীদের অঙ্গীকারনামা ও ভোটারদের শপথ পাঠ করান যথাক্রমে মো. শামছুল হক ও অধ্যাপক বানীতোষ চক্রবর্তী। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুস ইসলাম তালুকদার, আব্দুল কাদের কবীর উজ্জল, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ, সাইফুল ইসলাম লেলিন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা পারভীন ও মরিয়ম আক্তার মুক্তা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। চেয়ারম্যান প্রার্থিগণ জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। লোহাগড়ায় বিএনপির ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ত্রাস সৃষ্টির অভিযোগে গত ২৩ মার্চ রাতে নোয়াগ্রামের সৈয়দ মাসুম রেজা বাদী হয়ে এ মামলা লোহাগড়া থানায় দায়ের করেন। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান বাটুসহ উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত ১৫ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা গেছে, এসব নেতা-কর্মী নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করে শক্তির মহড়া দেখিয়ে ত্রাস সৃষ্টি করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি। বাগমারায় ১৮ কেন্দ্রের ভোট পুনরায় গ্রহণের দাবি বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ১৮টি কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী। মঙ্গলবার ভবানীগঞ্জের দলীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী মকলেছুর রহমান অভিযোগ করেন, উপজেলার ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে কারচুপি করা হয়েছে। এসব কেন্দ্রে তার সমর্থক ভোটারদের যেতে বাধা প্রদানসহ এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এছাড়াও সরকারি ফলাফল ঘোষণার আগেই আওয়ামী লীগের প্রার্থীকে স্থানীয় সাংসদ বিজয়ী ঘোষণা করে বিজয় মিছিল করেছেন। সরকারি ভাবে ৪০ টি কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় তিনি দুই হাজার ভোটে এগিয়ে ছিলেন। অথচ ওই সময়ে দুটি বে-সরকারি টেলিভিশনে পাঁচ হাজার ভোটে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে রয়েছেন দেখানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সেফাতুল¬্যাহ, ভবানীগঞ্জ পৌর বিএনপি সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল¬ুর রহমান, যুবদল সভাপতি গোলাম রাব্বানী সান্টু, ছাত্রদল সভাপতি শাহিন রেজা, সম্পাদক মনিরুজ্জামান, পৌর ছাত্রদল সভাপতি আতিকুর রহমান জজ প্রমুখ। অপরদিকে উপজেলার গনিপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় মাদারীগঞ্জ বাজারে একই দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করার দাবিতে অবরোধ কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সর্মথিত প্রার্থী হেলাল উদ্দিনের নাম ঘোষণা করার দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিএনপির নেতা-কর্মীরা। এসময় তারা ২৪ ঘন্টার মধ্যে সঠিক ফলাফল ঘোষণার দাবি করেন এবং রিটার্নিং অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। ফলাফল পরিবর্তন করে ঘোষণা না করলে বৃহস্পতিবার আধাবেলা হরতালের ডাক দেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে দুই সহস্রাধিক বিএনপি নেতা-কর্মী মুহাম্মদ হেলাল উদ্দিনের দোয়াত কলম প্রতীককে বিজয়ী ঘোষণার দাবিতে মিছিল করে। পরে বিএনপি সমর্থিত প্রার্থী (দোয়াত কলম) হেলাল উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্ির্নং অফিসার হাবীবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করে। এসময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খাঁন, পৌর বিএনপির সহ-সভাপতি নূরুল ইসলাম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহম্মেদ দুলাল, আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জাপুরে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবেক প্রকৌশলী লায়ন মৃধা নজরুল ইসলাম রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু ও তার লোকজন তাকে ও তার কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় তার মুখপাত্র সাবেক এজিএস ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফরিদ হোসেন, মোঃ ডলার মৃধা, ছাত্রনেতা সুজন মিয়াসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। আগামী ৩১ মার্চ উপজেলা নির্বাচনে সেনাবাহিনীসহ বিপুল সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োগের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। মঠবাড়িয়ায় বিএনপি’র ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে সহিংসতার মামলা মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনের সহিংসতার ঘটনায় স্থানীয় থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত দেলওয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবি করে জামায়াত-বিএনপি’র নেতা-কর্মীরা বড়মাছুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগ অফিস ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, দুই মুক্তিযোদ্ধাসহ ৫জনকে কুপিয়ে জখম, অগ্নিসংযোগ এবং ওই ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত খেজুরবাড়িয়া গ্রামে হিন্দুদের বাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়। মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ও শ্রমিকলীগ নেতা কাইয়ূম বাদী হয়ে ৭৩ জন এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় পৃথক মামলা ৩টি দায়ের করেন। এছাড়া মিরুখালী ইউনিয়ন আ’লীগ অফিস ভাংচুরের অভিযোগ এনে আ’লীগ নেতা মজিবর রহমান বাদী হয়ে ১৩ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সাতক্ষীরায় প্রশাসন ও প্রার্থীদের মতবিনিময় সাতক্ষীরা প্রতিনিধি \ ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রার্থী ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: নাজমুল আহসান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী রিটার্নিং অফিসার মহসীন আলী, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার এনামুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আল মাহমুদ পলাশ, ইউসুফ আলী, মাওলানা আব্দুল বারি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ১৩৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও প্রার্থীদের প্রতিনিধিরা। সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভীতিমুক্ত পরিবেশে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল আহসান। এজন্য প্রার্থী ও ভোটারদের নির্বাচনী আচরণবিধি এবং আইন-শৃংখলা মেনে চলতে হবে। ৩১ মার্চ সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ভয়ভীতি ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলমডাঙ্গায় বিএনপির একাধিক, আওয়ামী লীগ-জামায়াতের একক প্রার্থী চুয়াডাঙ্গা প্রতিনিধি \ আগামী ৩১ মার্চ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলার সর্বত্র সকল গ্রাম-গঞ্জ, হাটবাজার ও পাড়া-মহল্লায় এখন চলছে পূর্ণ উদ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজ। প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীই বাড়ি বাড়ি ও কর্মস্থলে স্বশরীরে উপস্থিত হয়ে সন্মানিত ভোটার সাধারণের নিকট নিজ নিজ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত একজন করে প্রার্থী রয়েছেন। পক্ষান্তরে বিএনপির ভিন্ন ভিন্ন ২ গ্রুপ সমর্থিত ২ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হলেন- আনারস প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান হেলালউদ্দীন। জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হলেন কাপ-পিরিচ প্রতীকের নূর মোহাম্মদ হোসাইন টিপু। দ্বিধা-বিভক্ত বিএনপির ভিন্ন ভিন্ন চেয়ারম্যান প্রার্থীরা হলেন- দোয়াত-কলম প্রতীকের শহিদুল কাওনাইন টিলু ও সাবেক ইউপি চেয়ারম্যান মোটর সাইকেল প্রতীকের সানোয়ার হোসেন লাড্ডু। হোমনায় চেয়ারম্যানের মতবিনিময় হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা ও উপজেলার শ্রীমদ্দি, লটিয়া ও চরের গাঁ গ্রামের সর্বস্তরের জনতার মতবিনিময় সভা বুধবার বিকেলে শ্রীমদ্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শ্রীমদ্দি গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক হাজী আবুল কাশেম মাস্টার, হাজী আঃ লতিফ, পৌর বিএনপির সেক্রেটারী ছানাউল্লাহ, পৌর বিএনপির সাবেক সেক্রেটারী শাহআলম, উপজেলা যুবলীগের সেক্রেটারী মেজবাহউদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন সম্পাদক রুহুল আমিন প্রমুখ। হবিগঞ্জে বিএনপির ভরাডুবি হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের ৪টি উপজেলা নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। চেয়ারম্যান পদে একটিতে স্বতন্ত্র, দু’টিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। তবে সান্ত্বনা হিসেবে ভাইস চেয়ারম্যান পদে ২টিতে বিএনপি জয়ী হয়েছে। একটি জামায়াত ও একটি আওয়ামী লীগ প্রার্থী জয় পেয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২টি স্বতন্ত্র ও ২টি আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। চতুর্থ দফায় জেলার সদর, নবীগঞ্জ, লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রতিটি উপজেলায়ই বিএনপি একক প্রার্থী দিলেও দলীয় অন্তর্দ্বন্দ্ব, বিদ্রোহী দমনে ব্যর্থতা, দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের কাজ করতে অনীহা, সমন্বয়হীনতা, স্থানীয়ভাবে একজন এবং জাতীয়ভাবে আরেকজনকে মনোনয়ন দেয়া, একেকজনের পক্ষের নেতাকর্মীরা অন্যজনের বিরুদ্ধে অপপ্রচারণা, প্রার্থী বাছাইয়ে ব্যর্থতাসহ বেশ কয়েকটি কারণই এর জন্য দায়ী বলে মনে করছেন তৃণমূলের অনেকেই। তারা মনে করেন সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেশি ব্যস্ত হয়ে পড়ায় চেয়ারম্যান পদটি তাদের হাতছাড়া হয়েছে। আজমিরীগঞ্জ ও লাখাইয়ে প্রার্থী বাছাইয়ে রয়েছে মারাত্মক ব্যর্থতা। লাখাই উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীর জামানতই বাজেয়াপ্ত হয়েছে। শুধু নবীগঞ্জ ছাড়া অন্যগুলোতে দ্বিতীয় স্থানও পায়নি তারা। এ অবস্থায় নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।