ল্যাব এইড ফার্মার যাত্রা শুরু
‘রোগীদের কম দামে মানসম্মত ওষুধ দিতে হবে’
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২২:৪৬
দেশের বিশিষ্ট চিকিত্সক ও শিক্ষাবিদগণ রোগীদের ক্রয় ক্ষমতার মধ্যে উন্নতমানের ওষুধ সরবরাহের জন্য ওষুধ কোম্পানীগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা ল্যাব এইড গ্রুপের নতুন ওষুধ কোম্পানী ল্যাব এইড ফার্মার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট বিশেষজ্ঞগণ এ আহ্বান জানান।
দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক শায়লা খাতুন, বিএমএ’র সভাপতি প্রখ্যাত পেটের পীড়া বিশেষজ্ঞ অধ্যাপক মাহমুদ হাসান, বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক জালাল উদ্দিন আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: দীন মো: নূরল হক, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল ডা: জাহাঙ্গীর হোসেন মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এসএম ফায়েজ এবং ল্যাব এইড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা: এএম শামীম প্রমুখ বক্তব্য রাখেন। ল্যাব এইড গ্রুপের চেয়ারম্যান সালেহা আহমদসহ দেশের বিশিষ্ট চিকিত্সকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দেশের রোগীদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্মত ওষুধের কোন বিকল্প নেই। তারা আশা করেন ল্যাব এইড হাসপাতাল পরিচালনায় যেভাবে সফল হয়েছে মানসম্মত ওষুধ উত্পাদনেও তেমনিভাবে সফল হবেন। অনুষ্ঠানে ল্যাব এইড ফার্মার পক্ষ থেকে বলা হয়, ল্যাব এইড মানসম্মত ওষুধ উত্পাদনে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে এবং ওষুধের কাঁচা মালসহ অন্যান্য উপাদান ইউরোপীয় ও উন্নত সোর্স থেকে আনা হচ্ছে। কোয়ালিটি ফার্স্টই তাদের মূল শ্লোগান।