হলমার্কের বিরুদ্ধে সোনালী ব্যাংকের আরো তিন মামলা

হলমার্ক গ্রুপের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে আরো তিনটি মামলা করেছে সোনালী ব্যাংক। বৃহস্পতিবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালী ব্যাংকের পক্ষে মামলা তিনটি দায়ের করেন হোটেল রূপসী বাংলা করপোরেট ব্রাঞ্চের নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম। মামলায় হলমার্ক গ্রুপের মালিকানাধীন হলমার্ক স্টাইল লিমিটেড, হলমার্ক এক্সেসরিজ লিমিটেড, হলমার্ক প্যাকেজিং, ওই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে বিবাদী করা হয়েছে। এর মধ্যে হলমার্ক স্টাইল লিমিটেডের কাছে ৯ কোটি ১৮ লাখ ৬ হাজার ৯৫৮ টাকা, হলমার্ক এক্সেসরিজ লিমিটেডের কাছে ১০ কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৩৮৫ টাকা, এবং হলমার্ক প্যাকেজিংয়ের কাছে ১ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৫৫৮ টাকাসহ তিনটি মামলায় মোট ২১ কোটি ৭১ লাখ ২২ হাজার ৯০১ টাকা আদায়ের জন্য এ মামলাগুলো দায়ের করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রবিউজ্জামান মামলা তিনটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দেন। একই সঙ্গে সমন ফেরতের (এসআর) জন্য আগামী ৪ মে দিন ধার্য করেন। মামলায় বলা হয়, তানভীর মাহমুদ ও জেসমিন ইসলাম হলমার্ক এক্সেসরিজ লিমিটেড, হলমার্ক প্যাকেজিং ও হলমার্ক স্টাইল লিমিটেড নামক প্রতিষ্ঠানের মেশিনারিজ ও অন্যান্য জিনিসপত্র আমদানির জন্য সোনালী ব্যাংক শেরাটন শাখায় ২০০৭ সাল হতে ২০১১ সালের বিভিন্ন তারিখে এলসি খোলেন। এলসির বিপরীতে বৈদেশিক মালামাল আমদানি করে এবং মূল্য পরিশোধ না করেই মালামাল গ্রহণ করে। সোনালী ব্যাংক পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট) ঋণ দলিল তৈরি করে বিদেশি নেগোশিয়েটিং ব্যাংকের কাছে ওই মালামালের মূল্য পরিশোধ করে। পরবর্তীতে ওই টাকা পরিশোধের জন্য হলমার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংক চূড়ান্ত নোটিস দিলেও বিবাদীরা ঋণ পরিশোধ করেননি। এর আগে একই আদালতে অরো ৬টি মামলা করা হয়েছে। সোনালী ব্যাংকের আইন উপদেষ্টা অ্যাডভোকেট হোসনে আরা জানান, সাভারে হলমার্কের মালিকানাধীন সম্পত্তি বন্ধকের বিপরীতে বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে ঋণ নেয়া হয়। ব্যাংকের পক্ষ থেকে ঋণ আদায়ের জন্য আইনগত সমস্ত ব্যবস্থা নেয়ার পরও বিবাদীরা ঋণ পরিশোধ না করায় মামলাগুলো করা হয়েছে। আরো সাতটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।