হেফাজত নেতা ইজাহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২৩:০১
চট্টগ্রামে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আবদুর রশিদের আদালত এ পরোয়ানা জারি করেন। একই সাাথে আদালত আগামী ৬ এপ্রিল এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, মুফতি ইজহার এ মামলায় উচ্চ আদালতের অন্তর্বর্তী জামিনে ছিলেন। কিন্তু অভিযোগপত্র দাখিলের পরও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার এলাকায় মুফতি ইজহার পরিচালিত মাদ্রাসার ছাত্রাবাসে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে দুজন পরে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার পরপর পুলিশ মাদ্রাসার ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে চারটি গ্রেনেড এবং মুফতি ইজহারের বাসভবন থেকে ১৮ বোতল এসিড উদ্ধার করে। একইদিন নগরীর খুলশি থানায় খুন, বিস্ফোরক দ্রব্য ও এসিড আইনে তিনটি পৃথক মামলা হয়। এসব মামলায় মুফতি ইজহার ও তার ছেলে হারুন ইজহারসহ ৯ জনকে আসামি করা হয়। বর্তমানে মুফতি ইজহার ছাড়া অন্য আসামিরা কারাগারে রয়েছেন।