ঢাকা ও রাজশাহীর ৫৪ উপজেলায় শপথ নিলেন নির্বাচিতরা
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২৩:০২
ঢাকা বিভাগের ১৫টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান। শপথ নেন-নেত্রকোনা জেলার কেন্দুয়া, দুর্গাপুর, রাজবাড়ী জেলার সদর, বালিয়াকান্দি, পাংশা, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী, মুকসুদপুর, শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট, জাজিরা, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া, দৌলতপুর, শিবালয় ও সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
রাজশাহী অফিস জানায়, রাজশাহী বিভাগ থেকে প্রথম ও দ্বিতীয় দফায় নির্বাচিত ৩৯ উপজেলার চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বিকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।