থাই স্যাটেলাইটে আরো ৩শ’ ভাসমান বস্তুর ছবি
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২৩:০৫
মালয়েশীয় নিখোঁজ বিমানের তল্লাশি অভিযানে থাইল্যান্ডের স্যাটেলাইটে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে ৩০০টি ভাসমান বস্তু ধরা পড়েছে। বৃহস্পতিবার জিও-ইনফরমেটিক্স অ্যাণ্ড স্পেস টেকনোলোজি ডেভেলপমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক আনন্দ স্নিদভোঙ্গস বলেন, ২ থেকে ১৫ মিটার (৬.৫ থেকে ৫০ ফুট) দীর্ঘ ভাসমান বস্তুগুলো পার্থ এর প্রায় ২৭০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। তবে তিনি বলেছেন, এসব বস্তু যে ওই নিখোঁজ উড়োজাহাজের এমনটি বলার সাহস আমরা দেখাচ্ছি না। কেবল তদন্ত করেই সঠিক তথ্য বের করা যেতে পারে।
এ সম্পকির্ত তথ্য মালয়েশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, সোমবার থাইল্যান্ডের একমাত্র পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের মাধ্যম ছবিগুলো তোলা হয়। কিন্তু প্রক্রিয়াজাত করতে কয়েকদিন সময় লেগে গেছে। ফরসি উপগ্রহে ধরা পড়া ভাসমান বস্তুগুলোর অবস্থান থেকে ২০০ কিলোমিটার দূরে এসব বস্তু তারা দেখতে পেয়েছেন বলে তিনি জানান।
ফ্রান্সের উপগ্রহ চিত্রে ভারত মহাসাগরের ভাসমান ১২২ বস্তু ধরা পড়ার পর থাইল্যান্ডের উপগ্রহ চিত্রে এই ৩০০ বস্তু ধরা পড়ল। দক্ষিণ ভারত মহাসাগরে ভাসমান এ বস্তুগুলো মালয়েশীয় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজের সন্ধান ?অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া ভালো হলে সন্ধান অভিযান পুনরায় চালু করা হবে।
সমুদ্রের আবর্জনা বিষয়ক মার্কিন গবেষক চার্লস মুর বলেছেন, সমুদ্রে ভাসমান বস্তুর ছবি দেখা গেলে সেগুলো বিমানের নাও হতে পারে। এগুলো হতে পারে একটি অঞ্চল থেকে সুনামিতে ভেসে যাওয়া বড় বড় জিনিসপত্র। উল্লেখ্য, ৮ মার্চ দিবাগত রাতে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ছাড়ে এমএইচ ৩৭০। কিন্তু উড্ডয়নে ঘণ্টা খানেকের মধ্যে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ১৪ দেশের ২৩৯ নাগরিকবাহী উড়োজাহাজটি।