হাইকোর্টে ফখরুলের ছয় মাসের জামিন

একটি মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নিম্ন আদালত একটি মামলায় তাকে অস্থায়ী জামিন দিলেও দুটি মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়েছে। এইসব মামলায় মির্জা ফখরুল গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান। ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষে গত ৯ মার্চ হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে আপিল বিভাগ। গত ১৬ মার্চ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মির্জা ফখরুল। আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। এদিকে গতকাল বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহকে নিয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ রাজধানীর পরিবাগে গাড়িতে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় করা মামলায় মির্জা ফখরুলকে ৬ মাসের জামিন দেন। গত ৩ জানুয়ারি পরিবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার ঘটনায় রমনা থানায় মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। অপরদিকে রমনা ও শাহবাগ থানার আরো দুটি মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন নাকচ করে দিয়েছে ঢাকার একটি আদালত। তবে রমনা থানায় দায়েরকৃত ট্রাফিক কনস্টেবল ইব্রাহিম খলিল হত্যা মামলায় তাকে অন্তর্বতীকালিন জামিন দেয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম গতকাল এ আদেশ দেন।