বনকর্মীদের সাথে গুলি বিনিময়

টেকনাফে গাছ চুরি সিন্ডিকেটের এক সদস্য নিহত

টেকনাফে বনবিভাগ ও গাছ চোর চক্রের সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাছ চুরি সিন্ডিকেটের এক সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি টেকনাফ হোয়াইক্যং মহেষখালীয়াপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে মোঃ ইউনুচ । বৃহস্পতিবার সকালে মধ্যম হ্নীলা এলাকায় ১৫/২০ জনের একটি দল শীলখালী রেঞ্জে বনবিভাগের গাছ কাটছে এ সংবাদ পেয়ে শীলখালী বিট কর্মকর্তার নেতৃত্বে ৩ জনের একটি টিম সেখানে ছুটে যায়। বন বিভাগের লোকজন দেখে গাছ চোর চক্র ক্ষীপ্ত হয়ে হামলা করতে আসলে বন কর্মীরা আত্মরক্ষার্থে গুলি চালায়। টেকনাফ মডেল থানার ওসি রনজিত জানান, খবর পেয়ে পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।