রাজশাহীতে রোগী মৃত্যুর মামলা পুনঃতদন্তের নির্দেশ

রাজশাহীতে ভুল চিকিত্সায় এক রোগীর মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) নেতা ও স্থানীয় ডলফিন ক্লিনিকের মালিক ডা. শামিউল উদ্দিন আহম্মেদ শিমুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক বিশ্বনাথ চন্দ্র মণ্ডল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে পুন:তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে আদালত। এদিকে স্বাচিপ নেতা শিমুলকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে গতকাল বিকাল ৪টা থেকে অনির্দিষ্টকালের জন্য চিকিত্সা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকরা। জানা গেছে, চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের আজগর আলীর ছেলে ব্যবসায়ী আনোয়ারুল হক টিপু (৩৫) গত ২৯ জানুয়ারি পায়ের সমস্যা নিয়ে ডলফিন ক্লিনিকে ভর্তি হন। পরদিন রাতে তার পায়ের অপারেশন করতে চেতনানাশক ইনজেকশন দেয়ার পর তিনি মারা যান। ওই রাতেই ভুল চিকিত্সায় স্বামীর মৃত্যুর অভিযোগ এনে ক্লিনিক মালিক ডা. শিমুলের নাম উল্লেখ করে চারজনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন নিহত ব্যবসায়ীর স্ত্রী শারমিন আক্তার। প্রসঙ্গত, ইতিপূর্বে ভাঙা হাতে ব্যাণ্ডেজ করাতে এসে ওই ডলফিন ক্লিনিকে তানোরের এক শিশু মারা গেছে বলে অভিযোগ রয়েছে।