এদেশের অগণিত সংগীতানুরাগীকে সুরের জাদুতে মোহিত করেছিলেন সুবীর নন্দী। তিনি চলে গেছেন না ফেরার দেশে কিন্তু এদেশের সংগীতের ভুবনে রেখে গেছেন অগণিত সৃষ্টিকর্ম। তিনি যে সুরের মায়াজাল ছড়িয়ে দিয়েছিলেন সেই সুরের মাধ্যমেই তিনি আজীবন এদেশের সংগীতাঙ্গনে চির উজ্জ্বল হয়ে থাকবেন। সুবীর নন্দীর জাদুকরি সুর তাকে শ্রোতাদের মাঝে বাঁচিয়ে রাখবে। গতকাল বিকালে সুবীর নন্দী স্মরণে শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। এসময় শিল্পীর কর্মময় জীবন নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন সংগীতজগতের বিশিষ্ট শিল্পীরা।
প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, শিল্পী সুবীর নন্দীর সকল গান ও সৃষ্টিকর্মকে আর্কাইভের মাধ্যমে সংরক্ষণ করা হবে।
লিয়াকত আলী লাকী বলেন, সুবীর নন্দীর সবগুলো গান সংগ্রহ করে একটি আর্কাইভ তৈরি করা হবে। এছাড়া ঈদের পর সুবীর নন্দীর গান নিয়ে একটি সংগীত উত্সবের আয়োজন করা হবে।