‘লিডার’ ছবিতে নতুন রূপে ওমর সানি-মৌসুমী জুটি

নিজের ওজন অনেকখানি কমিয়ে সিনেমায় নতুন করে কামব্যাক করার ঘোষণাটা তার পুরোনো। তবে এক সময়ের সুপারহিট নায়ক ওমর সানি আবারও যেন নতুনভাবে স্বমহিমায় ফিরছেন। ওমর সানি-মৌসুমী জুটি নিয়ে ছবিও নির্মাণ হতে চলেছে বেশ কটি। এর ভেতরে সম্প্রতি তরুণ চিত্রপরিচালক দিলশাদুল হক শিমুলের পলিটিক্যাল থ্রিলার মুভি ‘লিডার’-এ নতুন রূপে আসছেন এই তারকা জুটি। ওমর সানি ও মৌসুমীকে নিয়ে ঢাকার বাইরে একাধিক জেলায় টানা কাজ করলেন। ছবিটির কাজও প্রায় শেষ পর্যায়ে। ওমর সানি ও মৌসুমী জুটি প্রসঙ্গে নির্মাতা শিমুল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সেই পুরোনো ওমর সানি-মৌসুমী ক্রেজটাকেই এই ছবিতে আমি ধারণ করেছি। কারণ গেল ২৬ মার্চে আমি ‘লিডার’ ছবির দ্বিতীয় প্রমোটা রিলিজ করি। এবং এই প্রমো দেখে অনেকেই অবাক হয়ে আমাকে ফোন করেছেন ওমর সানি-মৌসুমী জুটি যেন সেই আগের আদলেই ফিরে এসেছেন।’ ছবিটি প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘শিমুল খুবই নিখুঁত কাজ করে। ওর ছবিতে গল্প বলার ভাষাটা একটু আলাদা মনে হয়েছে। আমার মনে হয় এই পরিবর্তনটা আরও আকর্ষণ জোগাবে।’ এ বছরের কোনো সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেবেন বলে নির্মাতা জানান।