আজ ঢাকা থিয়েটারের ‘টেম্পেস্ট’
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২০:১৫
আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা থিয়েটারের বহুল প্রশংসিত নাটক ‘দ্য টেম্পেস্ট’। দীর্ঘ প্রায় ১০ মাস পর এই নাটকটি পুনরায় মঞ্চস্থ হচ্ছে। সর্বশেষ গত বছরের ৯ জুন, কলকাতার চন্দননগরে রবীন্দ্রভবনে আন্তর্জাতিক নাট্যোত্সবে মঞ্চায়িত হয় ‘দ্য টেম্পেস্ট’। এতে অভিনয় করছেন—রুবল লোদী, শিমুল ইউসুফ, এশা ইউসুফ, চন্দন চৌধুরী, খাইরুল ইসলাম পাখি, সামিউন জাহান দোলা, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, রুবাইয়াত্ আহমেদ, সাজ্জাদ রাজীব, রফিকুল ইসলাম, নীলমনি সিনহা, ধীরেন সিনহা। ‘টেম্পেস্ট’-এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ এবং সহযোগী নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ। ‘টেম্পেস্ট’-এর গল্পে দেখা যাবে—রাজত্ব থেকে নির্বাসিত হলেন মিলানের অধিপতি প্রসপেরো। শিশুকন্যা মিরান্ডার সঙ্গে প্রসপেরোকে ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রের জলে। ভাসতে ভাসতে বহুদূরে এক দ্বীপে গিয়ে আশ্রয় নেয় তারা। দেখতে দেখতে কেটে যায় বারোটা বছর। হঠাত্ একদিন মাঝসমুদ্রে দুর্নিবার ঝড়ের কবলে পড়ে প্রসপেরোর শত্রুপক্ষের জাহাজ। ভাগ্যের পরিহাসে জাহাজডুবি হয়ে তারা এসে পৌঁছায় সেই একই দ্বীপে। নির্বাসন, প্রতিশোধ, ক্ষমা ও প্রায়শ্চিত্তের সাথে নাটকের উপাদানে যোগ হয় মায়াবিদ্যা ও অতিপ্রাকৃতিক জৈবশক্তি।