শিল্পী রশীদ চৌধুরী স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২০:৫৭
শিল্পী রশীদ চৌধুরী স্মরণে ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী। শিল্পীদের সংগঠন ‘বিংশতি’ এ আয়োজন করেছে। শিল্পী রশীদ চৌধুরী আধুনিক চিত্রকলার একজন গুরুত্বপূর্ণ শিল্পী। আগামী পহেলা এপ্রিল রশীদ চৌধুরীর ৮৩তম জন্মদিন। এ উপলক্ষে চারদিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী আবুল বারক আলভি। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রদর্শনীর কিউরেটর মোকাররম হোসেন হিরণ।
প্রদর্শনীতে বিংশতির ২১ জন শিল্পীর ১০০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এতে অংশ নেয়া শিল্পীরা হলেন আহমেদ নেওয়াজ, রফিক সিদ্দিকী, মোকাররম হোসেন হিরণ, শাহ মইনুল ইসলাম, আফরোজা খন্দকার বিউটি, খুরশিদা রেজা, কুদসিয়া বেগম ডালিয়া, আমিনা আকতার বেবী, বিজন মজুমদার, শাফায়াত খান, উত্তম সেন, শেখর মন্ডল, দেবব্রত মল্লিক, শিশির মল্লিক, মহিউদ্দিন আহমেদ, উত্তম কুমার তালুকদার, ফাতেমা আক্তার, জাকিয়া ফেরদৌস, রিফাত জাহান কান্তা, ফারজানা ইয়াসমিন ও মুকতারুম নাহার নাজমা। প্রদর্শনী আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।
শিল্পী সালাউদ্দিন আহমেদের স্কেচ প্রদর্শনী : শিল্পী সালাউদ্দিন আহমেদের ‘ওয়াটার ইঙ্ক পেপার’ স্কেচবুকের মোড়ক উন্মোচন এবং স্কেচ প্রদর্শনী শুরু হয়েছে গতকাল। শুক্রবার ঢাকা আর্ট সেন্টারে এ প্রদর্শনী শুরু হয়। পরে বইটির ওপরে আলোচনায় অংশ নেন স্থপতি শামসুল ওয়ারেস, শিল্পী ঢালী আল মামুন, অধ্যাপক সৈয়দ মনজুরল ইসলাম, প্রাবন্ধিক মফিদুল হক। প্রদর্শনী আগামী ৩ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
সত্যেন সেন স্মৃতি পদক প্রদান : সত্যেন সেন শিল্পীগোষ্ঠী প্রবর্তিত সত্যেন সেন স্মৃতি পদকে ভূষিত হলেন উদীচীর প্রাক্তন সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। শুক্রবার সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সত্যেন সেনের জন্মদিন ও সংগঠনটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়। গোলাম মোহাম্মদ ইদুর হাতে পদক তুলে দেন প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্না কায়সার, ফকির আলমগীর, হাসান আরিফ, আহকামউল্লাহ ও মানজার চৌধুরী সুইট। সভাপতিত্ব করেন ড. নিগার চৌধুরী।
সাংস্কৃতিক পর্বে দলীয় সঙ্গীত পরিবেশন করে—সুর বিহার, ঋষিজ, বহ্নিশিখা, আনন্দন ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন ও ধ্রুপদী।
ঘাসফুল : শিল্পাচার্য জয়নুল আবেদিন-এর জন্ম শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্মারক সেমিনারের আয়োজন করে ঘাসফুল। শিল্প-সমালোচক অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী মতলুব আলী। আলোচক ছিলেন অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, শিল্পী সমরজিত্ রায় চৌধুরী, কবি রবিউল হুসাইন, সংস্কৃতজন মফিদুল হক, অধ্যাপক সৈয়দ আজিজুল হক এবং সাংবাদিক সৈয়দ বদরুল হাসান।
ফজল-এ-খোদার জন্মোত্সব : শিশু সংগঠন আনন ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে কবি ফজল-এ-খোদার ৭৩তম জন্মোত্সবের আয়োজন করা হয়। ফজল-এ-খোদার হাতে সম্মাননা স্মারক তুলে দেন আনন ফাউন্ডেশনের সভাপতি স. ম. শামসুল আলম ও মহাসচিব নজরুল ইসলাম নঈম। উত্তরীয় পরিয়ে দেন বাকশিল্পী আশরাফুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি নাসির আহমেদ, আহমম মাযহার, মাহমুদুল্লাহ, মোস্তফা মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ফজল-এ-খোদার লেখা কবিতা, ছড়া ও গান পরিবেশন করে এক ঝাঁক শিশু-কিশোর ।
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ : ‘লালবাগ কেল্লায় পুরনো ঢাকার ঐতিহ্য’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছে ঢাকাবাসী। এই উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, বাংলাদেশস্থ রিপাবলিক অব সেসেলস দেশের অনারারি কনসাল আমীরুজ্জামান। সভাপতিত্ব করেন ঢাকাবাসীর উপদেষ্টা দুলাল বিশ্বাস।