পোপের সঙ্গে ওবামার সাক্ষাত্
হোয়াইট হাউসে আমন্ত্রণ
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২১:০১
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত্ করে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ইটালির ভ্যাটিকান সিটিতে প্রায় একঘণ্টা ধরে বিশ্বের প্রভাবশালী এই দুই ব্যক্তির মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ওবামা ও তার প্রতিনিধি দলকে অভিবাদন জানাতে গির্জার কর্মকর্তাদের নিয়ে এগিয়ে আসেন পোপ ফ্রান্সিস। এ সময় পোপের ‘একজন একনিষ্ঠ ভক্ত’ বলে নিজের পরিচয় দেন ওবামা। সাক্ষাতের প্রথম পর্বে সাংবাদিকদের উপস্থিতিতেই সামনা-সামনি বসে আলাপ করেন ওবামা ও পোপ। তাদের দু’জনকে এসময় বেশ হাস্যরস করতে দেখা যায়।
ওবামা হোয়াইট হাউজের বিভিন্ন ফল ও শস্যের বীজ প্রতীকী উপহার হিসেবে পোপের হাতে তুলে দেন। এসময় পোপকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান তিনি। পোপ ওবামাকে দুটি স্মারক মেডেল ও নিজের লেখা একটি বই উপহার দেন। পোপের কর্মপরিকল্পনা নিয়ে গতবছর ‘দ্যা জয় অব দ্যা গসপল’ বইটি লিখেন তিনি। পরে তাদের মধ্যে প্রায় একঘণ্টার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ওবামার পূর্বপুরুষরা ছিলেন মুসলিম। তবে শিশুকাল থেকে খ্রিস্টান সমাজে বড় হওয়া যুক্তরাষ্ট্রে প্রথম এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নিজেকে যিশুর একনিষ্ঠ অনুসারী হিসেবেই পরিচয় দিয়ে থাকেন। সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদেরকে বিস্তারিত বলা না হলেও ভ্যাটিকান সফর উপলক্ষে আগেই ইটালিয়ান একটি সংবাদ মাধ্যমে সাক্ষাত্কার দেন ওবামা। এ সময় ধনী-দরিদ্রের বৈষম্য দূর করার পক্ষে পোপের অবস্থানের প্রশংসা করেন তিনি।