ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্রোহী নিয়ে
আ’লীগ ও বিএনপি বিপাকে
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২১:২৯
আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির উভয় দলেই রয়েছে বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছে দু’টি দল।
প্রার্থীরা হলেন— আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম (কাপ-পিরিচ), বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজ মোহাম্মদ ইয়াছিন (দোয়াত-কলম), বিএনপি সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর (টেলিফোন), বিদ্রোহী প্রার্থী আবু শামীম মোঃ আরিফ (মোটর সাইকেল) ও নূরে আলম ছিদ্দিকী (চিংড়ী মাছ), জাতীয় পার্টি সমর্থিত মোঃ ফিরোজ খান (হেলিকপ্টার), নির্দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বশির উল্ল¬াহ জরু (ফেজ টুপি), আশিকুল আলম (আনারস) এবং এস.এম.আলম হিরু (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোঃ মহসিন মিয়া (টিউবওয়েল), বিদ্রোহী মাওঃ জাকির হোসেন (উড়োজাহাজ) ও আরিফুর রহমান (জাহাজ), বিএনপি সমর্থিত বুলবুল আহমেদ মুসা (টিয়া পাখী), বিদ্রোহী মোঃ কবির হোসেন (মাইক) ও হাজী নাজিম উদ্দিন (চশমা), ইসলামী ঐক্যজোটের মোঃ বায়েজিদ (তালা) ও কাউছার মোল্লা (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাসলিমা সুলতানা খানম নিশাত (কলস), বিএনপি সমর্থিত শামসুন্নাহার (ফুটবল) ও বিদ্রোহী প্রার্থী দেলোয়ারা বেগম (প্রজাপতি)। তবে ইতিমধ্যেই বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবু শামীম মোঃ আরিফ (মোটর সাইকেল) ও বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী নাজিম উদ্দিন (চশমা) দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নূরে আলম সিদ্দিকী (চিংড়ি মাছ) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী মাঠে নির্ঘুম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনী প্রচার-প্রচারণায় এখন সরব সদর উপজেলা। উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ভোটারদের মধ্যে বইছে উত্সব আমেজ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা করছেন। তারা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে। নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর সমর্থনে এলাকায় গণসংযোগ করছেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা।