সড়ক দুর্ঘটনায়
ছয় জন নিহত
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২১:৩০
দেশের বিভিন্নস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সাংবাদদাতাদের।
কুমিল্লায় পিতা-পুত্র নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় জামাল হোসেন ও মাসুদ নামের ২ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে পিতা ও পুত্র এবং তাদের বাড়ি আদর্শ সদর উপজেলার সুজানগর গ্রামে বলে জানা গেছে। ময়নামতি হাইওয়ে থানার এসআই সিরাজ জানান, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
ভালুকায় নিহত-১, আহত-১
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা বাসষ্টেন্ড এলাকায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বড়শিকারী এলাকার হারুন ব্যাপারীর ছেলে মটরসাইকেল আরোহী ছলিম ব্যাপারী (৩৩) মাটি ভর্তি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহত ছলিম বেপরীকে গুরুতর আহত অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে মারা যায় । এ ঘটনায় অজ্ঞাত আরও এক ব্যক্তি (৪০) আহত হয়েছে।
নলছিটিতে স্কুল ছাত্র নিহত
বরিশাল-ঝালকাঠি মহাসড়কে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর নামক স্থানে গত বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বাস চাপায় নুসরাত জাহান মীম(৬) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মীম রায়াপুর গ্রামের ইউনুচ আলী খানের মেয়ে এবং রায়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
সারিয়াকান্দিতে শিশু নিহত
বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক চাপায় আশা আকতার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে দিঘলকান্দি হার্ডপয়েন্টের স্যাংকেরওপর এ ঘটনাটি ঘটে। আশরাফ ফারাজির মেয়ে। গ্রামবাসি ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।
শিবগঞ্জে এক শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামে শিবগঞ্জ-বিনোদপুর সড়কে দুর্ঘটনায় নাহিদ(১২)নামেএক শিশু নিহত। সে মনাকষা গ্রামের মোহাম্মদ মিলনের ছেলে। শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তা পারাপারের সময় নাহিদকে মনাকষা থেকে খাসের হাট গামী একটি বাবুভর্তি ট্রাকটর চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।