মঠবাড়িয়ায় সার্জেন্টের অপসারণ দাবি
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২১:৩১
বেপরোয়া ঘুষ বাণিজ্য, ভাড়ায় চালিত মোটর সাইকেল ড্রাইভারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা ও পরিবহন সেক্টর থেকে মাসিক মাসোহারা আদায়ের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মাহফুজের অপসারণ দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বাদশা এ দাবি করেন। এসময় সভায় উপস্থিত উপজেলার ১১ ইউপির চেয়ারম্যানরা সাজেন্ট মাহফুজের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় গিয়ে মোটর সাইকেল, টমটম ও নছিমনের কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে অসহায় চালকদের জিম্মি করে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ আনেন। চেয়ারম্যানদের তোপের মুখে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে সার্জেন্ট মাহফুজকে অপসারণ করা হবে বলে আশ্বস্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাদিকুর রহমান, ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আবু জাহিদ ও ইউপি চেয়ারম্যান সুলতান মিয়া প্রমুখ।