যশোরে বার্ড ফ্লু আক্রান্ত ৪ হাজার মুরগি নিধন

এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ায় জেলায় এক সরকারি মুরগি খামারের ৪ হাজার ২৬১টি মুরগি নিধন করা হয়েছে। এরই সঙ্গে এক হাজার ৮শ ৮২টি ডিম, প্রায় সাড়ে ৭ হাজার কেজি খাদ্যসহ আনুষঙ্গিক সামগ্রি ধবংস করা হয়। গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব ধ্বংস করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, গত ২৫ মার্চ যশোর শহরের শংকরপুরে অবস্থিত সরকারি মুরগি খামারে বার্ড ফ্লু ধরা পড়ে। এরপর খামারের মরা কয়েকটি মুরগির নমুনা অধিকতর পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে অবস্থিত সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবে (সিডিআইএল) পাঠানো হয়। সেখানেও পজিটিভ রিপোর্ট আসে। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মিলে বার্ড ফ্লু আক্রান্ত মুরগিসহ অন্যান্য সামগ্রী পুড়িয়ে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়।