মোদীকে হত্যার হুমকি দেয়ায় কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২২:৪৫
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে প্রাণে মারার হুমকি দিলেন উত্তর প্রদেশের সাহারানপুরের কংগ্রেস নেতা ইমরান মাসুদ। বিজেপি নেতাকে হত্যার হুমকি দেয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তার দল চরম অস্বস্তির মধ্যে পড়ে গেছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আসন্ন লোকসভা ভোটে সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ অনেক লোকের মাঝে দাঁড়িয়ে মোদীকে ‘টুকরো টুকরো’ করে হত্যা করার হুমকি হুমকি দিচ্ছেন। এই ঘটনায় ওই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির চারটি ধারায় ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ । অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনেও। নির্বাচন কমিশন ওই ভিডিও যাচাই করে দেখছে বলে জানিয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাসুদ বলছেন -‘উত্তরপ্রদেশ গুজরাট নয়। গুজরাটে মাত্র চার শতাংশ সংখ্যালঘু মানুষ থাকেন। কিন্তু এই রাজ্যের ২২ শতাংশ মানুষ সংখ্যালঘু। আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করবো। কী করে তাকে মোক্ষম জবাব দিতে হয়, তা আমি জানি। টুকরো টুকরো করে দেব তাকে।’
এদিকে, ভিডিওটি সামনে আসতেই রাজনৈতিক মহল ব্যাপক আলোচনার ঝড় বইতে শুরু করেছে। কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে মাসুদের বক্তব্য, এটা অনেক দিনের পুরনো ভিডিও। আমি আসলে গণতন্ত্রের মাধ্যমেই শিক্ষা দেওয়ার কথা বলতে চেয়েছি। তবে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে নারাজ তিনি। তার বক্তব্য, গুজরাট দাঙ্গার জন্য মোদী যদি ক্ষমা চান, তাহলেই ক্ষমা চাইবো।