রানা প্লাজার ৪৩০ শ্রমিক ৫০ হাজার টাকা করে পেলেন

সাভারের ধসে পড়া রানা প্লাজার একটি কারখানার ৫৮০ জন শ্রমিকের মধ্যে ৪৩০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ব্যবস্থাপনায় তাদের এ অর্থ দেয়া হয়। ওই ভবনে কাজ করা নিউ ওয়েভ বটম্স কারখানার ব্রিটিশ ক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্কের প্রদত্ত ক্ষতিপূরণের অর্থ থেকে এই টাকা প্রদান করে। তাদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ৪৩০ জনকে গতকাল ব্র্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ওই টাকা পরিশোধ করা হয়। রানা প্লাজা দুর্ঘটনার পর আহত শ্রমিক, নিহতদের পরিবার ও চাকরি হারানো শ্রমিকদের ক্ষতিপূরণর লক্ষ্যে ৪ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠনের উদ্যোগ নেয় আইএলও। রানা প্লাজা কমপেনসেশন কোঅর্ডিনেশন (আরপিসিসি) নামে গঠিত ওই তহবিলে ইতিমধ্যে দুই কোটি ডলার অর্থ সংগ্রহ হয়েছে। ওই ভবনে নিউ ওয়েভ বটম্সহ ৫টি গার্মেন্টস কারখানা প্রায় ৩ হাজার ৬শ’ শ্রমিক ছিল। এর মধ্যে নিউ ওয়েভ বটমেস কাজ করতো ৫৮০ জন। এই শ্রমিকদের ক্ষতিপূরণের লক্ষ্যে আইএলও তহবিলে ইতিমধ্যে প্রাইমার্ক ১ কোটি মার্কিন ডলার অর্থ প্রদান করেছে। ওই অর্থ থেকে গতকাল আইএলও’র ব্যবস্থাপনায় শ্রমিকদের এই টাকা প্রদান করা হয়। আইএলও’র এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন ‘ইন্ডাস্ট্রিঅল’ গ্লোবাল ইউনিয়ন (আইজিইউ)। সংগঠনটির বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র আইএলও’র উদ্যোগে গঠিত রানা প্লাজা কমপেনসেশন কোঅর্ডিনেশন কমিটির সদস্য। গতকাল ইত্তেফাককে বলেন, আগামী ২৪ তারিখের পূর্বে রানা প্লাজায় অবস্থিত গার্মেন্টস কারখানার সব শ্রমিককে আইএলও’র ব্যবস্থাপনায় ৫০ হাজার টাকা করে দেয়া হবে।