উপজেলা নির্বাচন

তিন প্রার্থীকে বিএনপির সমর্থন, ৬ নেতাকে বহিষ্কার

বিএনপি আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে তিনজনকে সমর্থন দিয়েছে এবং ৬ জনকে বহিষ্কার করেছে। এর মধ্যে টাঙ্গাইল জেলাধীন কালিহাতি উপজেলা চেয়ারম্যান পদে মো:শফিকুল ইসলাম তালুকদার শফি, হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান পদে শেখ বশির আহম্মেদ এবং ময়মনসিংহ (দক্ষিণ) জেলাধীন গফরগাঁও উপজেলা চেয়ারম্যান পদে মো:মুশফিকুর রহমানকে একক প্রার্থী হিসেবে বিএনপি সমর্থন দিয়েছে। অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী তত্পরতায় লিপ্ত থাকার কারণে লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বদরুল আলম জিন্নাহ, গাজীপুর জেলা বিএনপি’র উপদেষ্টা মো:আব্দুল লতিফ, লালমনিরহাট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল, ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপি নেতা মো:আলমগীর হোসেন চৌধুরী এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মহিলা দল নেত্রী ফারহানা আক্তার রিনিকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।